সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0
সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বামপাশে) এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ফাইল ছবি: সংগৃহীত
সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সাংবিধানিক সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধানের বিধান অনুসারে আগামী ৬ মাস তিনি নিরাপত্তাসহ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা পাবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। নির্ধারিত বিধি-বিধান মেরেই তিনি তাঁর দায়িত্ব শেষ করেছেন এবং সরকারের কাজে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন।

তিনি আরও ব্যাখ্যা করেন, দায়িত্বপালনকালীন সময়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি বিশেষ অধিকার বা ‘প্রিভিলেজ’ প্রাপ্ত ছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে আদালতে কোনো মামলা দায়ের বা আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।

এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।