সংঘর্ষের পর শার্শার অগ্রভুলোট গ্রাম পুরুষ শূন্য

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শায় পাওয়া টাকা আদায় নিয়ে গ্রাম্য সালিশ করাকে কেন্দ্র করে বিএনপি অফিসসহ প্রায় ১৫/১৬টি বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অগ্রভুলোট গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। দুর্বৃত্তদের ভয়ে কেউ এখনও পর্যন্ত থানায় অভিযোগ করতে পারেনি।

সোমবার রাত ৯ টার দিকে শার্শার অগ্রভুলোট গ্রামে পাওনা টাকা নিয়ে একটি গ্রাম্য সালিশ বসে। সালিসের এক পর্যায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অগ্রভুলোট গ্রামের রওশন আলীর ছেলে আতিয়ার রহমান (৫৮) ও একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে সফিকুল ইসলাম গাইন (৫৫) গুরুতর আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মোল্লা জানান, সোমবার রাতে অগ্রভুলোট গ্রামে আব্দুল হামিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অগ্রভুলোট গ্রামে হামলা করে বিএনপি অফিস, শতাধিক চেয়ার ও ১৫/২০ জনের বাড়ি ভাঙচুর করেছে।

শার্শা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটন বলেন, ঘটনা শুনেছি। অপরাধী যেই হোক তদন্ত করে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উভয়পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে.এম রবিউল ইসলাম বলেন, গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে গ্রাম্য সালিশ নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।