সংকট মোকাবিলায় যশোরে ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে যশোর জেলা। আগামীকাল শুক্রবার থেকে জেলায় সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। একইসঙ্গে বাণিজ্যিক ও আবাসিক উভয় ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার ৫০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে অনুষ্ঠিত ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীসমাজ ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইন বোর্ডগুলো রাত ৮টার পর আর জ্বালানো যাবে না। আর.এন রোডের মোটর পার্টস দোকান, মাইকপট্টি ও টাইলসপট্টির দোকানগুলো সন্ধ্যার পর বন্ধ রাখতে হবে। তবে আসন্ন ঈদ বিবেচনায় কাপড় ও জুতার দোকানগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

নিরাপত্তার বিষয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, ঈদ উপলক্ষে শহরে পুলিশের ২৫টি টিম কাজ করছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। এছাড়া নিরাপত্তার স্বার্থে শহরের স্ট্রিট লাইটগুলো (সড়ক বাতি) নিয়মিত জ্বলে থাকবে। প্রয়োজনে পুলিশের আরো টিম মাঠে কাজ করবে।

যশোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকারসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।