ফরিদপুরের সালথায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
সালথা থানা, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরের সালথায় হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পান্নু ফকির (৩৮) কুমারকান্দা গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে সালথা সদর থেকে বাড়ি ফিরছিলেন পান্নু। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং হাত-পা কেটে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মরদেহটি কুমারকান্দা গ্রামের সড়কের পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে সালথা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল ফাহাদ বলেন, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক আলামত ও পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে যে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।