বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

0
যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দিচ্ছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিরা আবারও ভারতীয় পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে নিজের পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন হাইকমিশনার। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (আইভিএসি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি ভিসা চালুর এই ঘোষণা দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে তাদের সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল ভারত সরকার।

সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী জানান, আগামী রবিবার (২৮ জুন) থেকে দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে এই পর্যটন ভিসার কার্যক্রম শুরু হবে। সড়কপথে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে আসার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, আসার পথেই তাঁর কাছে ভিসার বিষয়টি উঠেছিল। তিনি নিজেও অনুধাবন করেছেন যে ভিসা বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়, আর তাই দায়িত্ব নিয়েই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠালো। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত ১২ জুন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী।