শ্যামনগরে ৭০ কি.মি ধাওয়া করে অস্ত্রসহ ডাকাত আটক

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে ৭০ কিলো মিটার পথ ধাওয়া করে  বশির শেখ নামে এক ডাকাতকে দেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ দল শ্যামনগর চৌরাস্তা থেকে ধাওয়া করে দেবহাটা থানার আস্কারপুর বিল থেকে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বার বিহীন ১টি ট্রাক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। তিনি খুলনা জেলার রূপসা থানার জাবুসা গ্রামের হোসেন শেখের ছেলে ।
শ্যামনগর থানার ওসি মে. আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকা থেকে ডাকাতি শেষে পালাবার খবর জানতে পেরে বংশীপুর মোড়ে চেকপোস্ট বসানো হয়। পুলিশের চেকপোস্ট অতিক্রম করে ডাকাতদল ট্রাক নিয়ে দ্রুত গতিতে সাতক্ষীরার দিকে পালাবার চেষ্টা করে। পুলিশও পিছু ধাওয়া করে দেবহাটা উপজেলার অস্কারপুর এলাকা থেকে মালপত্রসহ তাকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
পুলিশ জানায়, বাংলাদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তি একজন আন্তঃদেশীয় ডাকাত।