শ্যামনগরে নৌকা থেকে বন্দুক উদ্ধার, জেলেসহ আটক- ২

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে এক নলা বন্দুক ও নৌকার মাঝিসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার বিকেলে উপজেলার চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় নৌকায় রাখা বরফের বাক্স থেকে এক নলা বন্দুক উদ্ধার করেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় নৌকার মাঝি আব্দুল হাকিম (৫৫) ও তার ছেলে হাফিজুল ইসলামকে আটক করা হয়।

আটক আব্দুল হাকিম উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আরমান গাজীর ছেলে। তারা উপজেলার নীলডুমুর গ্রামের হোসেন কোম্পানীর পক্ষে সুন্দরবনে মাছ শিকার করে।

জানা যায়, মাছ ধরার জন্য শুক্রবার সুন্দরবনে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ওই নৌকায় তল্লাশি চালান। অভিযানের নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড পশ্চিম জোন কয়রা বিসিজি স্টেশনের লে. মাহাবুব জানান, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।