খামেনিকে শেষবিদায় জানাতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা

0
অশ্রু আর প্রার্থনায় খামেনিকে বিদায় জানানোর প্রস্তুতিতে ইরান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবিদায় জানাতে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে ইরান। স্থানীয় সময় আজ বুধবার (৪ মার্চ) রাত ১০টা থেকে এই শোক ও বিদায় অনুষ্ঠান শুরু হবে। বুধবার রয়টার্স ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ৩৭ বছর দেশ শাসন করা এই শীর্ষ নেতার মৃত্যুতে পুরো ইরানে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিন দিনের এই আনুষ্ঠানিকতায় তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন ধর্মীয় আচার পালিত হবে। তবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সুনির্দিষ্ট স্থান ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জানাজার তথ্য চূড়ান্ত হওয়া মাত্রই তা দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। গত শনিবার তেহরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার পর তাঁর দাফন ও শেষ বিদায়ের প্রস্তুতি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা কাজ করছে।