শ্যামনগরের ইটভাটায় পুড়ছে কাঠ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে আইনের তোয়াক্কা না করে উপকূলীয় অঞ্চলে অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। অদৃশ্য কারণে প্রশাসনও আছে নিরব।
উপজেলার জনবসতিপূর্ণ এলাকায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠা এসব অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানায়, ক্লাসের সময় ইটভাটার কালো ধোঁয়া সরাসরি তাদের নাক দিয়ে শরীরে প্রবেশ করে। চোখে বালি ও ধোঁয়া ঢুকে যায়। ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখেও সমস্যা হয়। ইটভাটার ট্রাক ও ভেকুসহ বিভিন্ন মেশিনের শব্দে ক্লাসের সময় তারা শিক্ষকদের কথা শুনতে পারে না। বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করার সময় ভাটার ট্রাকগুলো দ্রুতগতিতে আসে। এতে তারা ভয় পায়।
এ প্রসঙ্গে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. তরিকুল ইসলাম বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যদি কাঠ দিয়ে ইট পোড়ানো হয় তাহলে এর বিষাক্ত ধোঁয়ায় ব্রংকাইটিস, শ্বাসকষ্টসহ শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগের প্রকোপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এতে বৃদ্ধ এবং শিশুদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। ফলে এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় ৯৬টি ইটভাটার মধ্যে শ্যামনগর উপজেলায় রয়েছে ১৪টি ইটভাটা। এর মধ্যে ঝিকঝাক এবং সনাতনী পদ্ধতির ভাটাও রয়েছে। এসব ভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। পরিবেশের ছাড়পত্রবিহীন এসব অবৈধ ইটভাটার কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্সও নেই।
উপজেলার রামজীবনপুর এলাকার একটি ইটভাটার ম্যানেজার জানান, যশোরের নওয়াপাড়ার ব্যবসায়িরা সিন্ডিকেট করে কয়লায় পানি মিশিয়ে ওজন বৃদ্ধি করে। এছাড়া দামও অনেক বেশি হাওয়ায় বাধ্য হয়ে কাঠ পোড়াতে হচ্ছে। তাছাড়া কয়লা দিয়ে পোড়ালে ইটের দামও বেড়ে যায়। সেজন্যে কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে।
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, উপজেলায় অধিকাংশ ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষিজমিতে স্থাপন করা হয়েছে। তারপরও আবার ভাটায় কাঠ পোড়ানোর কারণে ফসলের ফলন বিপর্যয় ঘটছে।