শৈলকুপা থানায় হামলার অভিযোগে মেয়রের ছেলে গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে কাজী রাজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী রাজিব শৈলকুপার পৌর মেয়র আশরাফুল আযমের ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজিমের ছোট ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গত ৯ জুন এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর তার সমর্থকরা শৈলকুপা থানায় হামলা চালায়। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। পুলিশি তদন্তে হামলায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে মেয়রের ছেলে রাজিবের বিরুদ্ধে। পুলিশ এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করেছে বলেও ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান।