শৈলকুপায় ১২দিনে ৪ খুন আটক হচ্ছে না আসামিরা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধে ১২ দিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৪ খুনের ঘটনা ঘটলেও আসামিরা আটক হচ্ছে না। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানান, সংঘাতের ইন্ধনদাতারা ধরাছোঁয়ার বাইরে এবং অপরাধীর বিচার না হওয়ায় এসব অপরাধ অব্যাহত রয়েছে। গত ২৯ এপ্রিল শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আরাফাত প্রতিপরে লাঠির আঘাতে খুন হন। এখন পর্যন্ত এ মামলার কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ৩ মে তুচ্ছ ঘটনায় প্রতিপরে লাঠির আঘাতে খুন হন দবির উদ্দিনের ছেলে মুদি দোকানি জোয়াদ আলী। তার স্ত্রী চায়না খাতুন জানান, মামলার করার পরও আসামিরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ১২ দিনের ব্যবধানে গত ১১ মে সোমবার জোড়া খুনের ঘটনা ঘটে। প্রতিপরে অস্ত্রের আঘাতে খুন হন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে অভি ও মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল। দীর্ঘদিন ধরে খাঁ এবং মন্ডল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসার শেষ পরিণতি দু’টি তরতাজা প্রাণ। ঘটনার দিন পুলিশ গ্রামটিতে অভিযান চালিয়ে বেশ কয়েক ব্যক্তিকে আটক করে। কিন্তু মূল আসামিরা রয়েছে ধরাছোয়ার বাইরে। এ বিষয়ে কথা বলতে শৈলকুপা থানা পুলিশের ওসি বজলুর রহমানকে মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, এসব ঘটনার সাথে সার্বিক আইনশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। কয়েকদিনে তারা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। কিছু আসামি ধরা আছে। বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।