শৈলকুপায় সাব রেজিস্ট্রারের অনিয়মের অভিযোগে দলিল লেখকদের কর্মবিরতি

0

শৈলকুপা(ঝিনাইদহ)সংবাদদাতা॥ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঝিনাইদহে শৈলকুপায় দলিল লেখকদের কর্মবিরতি চলছে। উপজেলার মধ্যে দলিল কমিশনে অতিরিক্ত ফি দাবি, দলিল রেজিস্ট্রির সময় নানান অজুহাতে দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগে রবিবার থেকে সাব রেজিস্ট্রার ইয়াসমিন শিকদারের বিরদ্ধে আন্দোলন কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান দলিল লেখকরা। তাদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে সাব রেজিস্ট্রার তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।
শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আক্তারুজ্জামান বলেন, সাব রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার শৈলকুপায় যোগদানের পর থেকে তারা বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন। উপজেলার মধ্যে কোন অসুস্থ ব্যক্তির দলিল রেজিস্ট্রি করতে গেলে দলিল কমিশন হিসাবে সরকারিভাবে সর্বোচ্চ এক হাজার টাকা নেওয়ার বিধান রয়েছে। কিন্ত সে প্রতিটা দলিলে ৩০ হাজার টাকা দাবি করে থাকেন। প্রতিদিন অফিসে যে দলিল রেজিস্ট্রি হয়ে থাকে তাতে বিভিন্ন অজুহাত ধরে সেখানে প্রতি দলিলে তিনি ৫শ’ থেকে ৫ হাজার টাকা দাবি করেন। এছাড়া প্রতিদিন তিনি বেলা ১২টার আগে অফিসে আসেন না বলে জানান।
অভিযোগ নিয়ে সাব-রেজিস্ট্রার বলেন, দলিল লেখকরা তার বিরুদ্ধে যে অভিযোগ করছেন এটা তাদের মনগড়া অভিযোগ। তিনি সরকারি নিয়মের বাইরে কোন দলিল রেজিস্ট্রি করেন না। অফিসে বিলম্বে আসা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন বলে জানান।
দলিল লেখকদের কর্ম বিরতি নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড বনি আমিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ তাকে লিখিতভাবে বিষয়টি অবগত করেননি বলে জানান।