জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

0
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।। ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী যথাযথ মর্যাদায় উদ্‌যাপন এবং আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঘোষিত এই কর্মসূচির আওতায় আগামী ২ জুলাই থেকে শুরু করে পুরো আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজপথে ও সাংগঠনিকভাবে নানা কার্যক্রম পরিচালনা করবে দলটি।

জামায়াতের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির বিবরণী অনুযায়ী, আগামী ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণা, আলোচনা ও দোয়ার আয়োজন করা হবে।

১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে জেলা ও মহানগরী পর্যায়ে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিচারণা করা হবে।
আগামী ১ আগস্ট সারা দেশে মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে গণমিছিলের ডাক দিয়েছে দলটি।
এরপর ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচি এবং ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আয়োজিত সমাবেশ ও মিছিলে পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ করবে জামায়াত। দলটির মহিলা বিভাগ ও ছাত্রসংগঠন (ছাত্রশিবির) এই বর্ষপূর্তি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দলটির পক্ষ থেকে প্রধানত তিনটি দাবি থাকবে। দাবিগুলো হলো—গণ-অভ্যুত্থানের খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করা, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।