শৈলকুপায় দু ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে প্রতিবেশী নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ও শৈলকুপা সংবাদদাতা॥ দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে শফিকুল ইসলাম সুফি শেখ (৩৫) নামে এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি তাদের প্রতিবেশী।

শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফি শেখ বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। এ ঘটনায় ইদ্রিস আলী ইদু নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ এই হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ধলহরচন্দ্র ইউনিয়নের মেম্বার আবুল হোসেন জানান, চারকাঠা জমি রিয়ে বন্দেখালী গ্রামের মোবারক হোসেনের দুই ছেলে সাকেন আলী ও ইদুর মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ইদু তার আপন ভাই সাকেন আলীর জমি দখল করতে যান। জমি দখল করা নিয়ে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হন। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে সামসুল ইসলাম,ফিরোজ,সালামত ও সুফি উদ্দিনসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করেন ইদ্রিস আলী ইদু। সুফি শেখকে প্রথমে শৈলকুপা ও পরে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের স্ত্রী লিখা খাতুন জানান, তার স্বামী একজন গরু ব্যবসায়ী। দুই ভাইয়ের মারামারি থামাতে গেলে ইদু তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। তিনি এই খুনের বিচার দাবি করেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জমি নিয়ে দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ জানান,তিনি ঘটনাস্থলে গেছেন। পুলিশ একজনকে আটক করেছে।