বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোলে এলো ৯ টন কাঁচা মরিচ, শুরু হলো আমদানি কার্যক্রম

0
ভারত থেকে এলো ৯ টন কাঁচা মরিচ

স্টাফ রিপোর্টার ॥ দেশে অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় এবং বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।

বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আমদানিকৃত মরিচ সন্ধ্যায় ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ। পণ্য খালাস কার্যক্রমে সহযোগিতা করে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়েছে। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তার আশা, আমদানি বৃদ্ধি পেলে বাজারে কাঁচা মরিচের দাম কমে আসবে।

তবে তিনি অভিযোগ করেন, কাস্টমসের বিভিন্ন জটিলতা ও পণ্য ছাড়করণ প্রক্রিয়ায় অতিরিক্ত ব্যয়ের কারণে আমদানিকারকদের রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানি খরচ বাড়ছে এবং অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক অঞ্চল থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। সোমবার থেকেই এসব চালান দেশে প্রবেশ করতে শুরু করেছে।

দেশের বাজারে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় সরকার এ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, আমদানি কার্যক্রম জোরদার হলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।