২৪ টাকা কেজিতে কেনা মরিচ ভোক্তার হাতে পৌঁছাতে ব্যয় কত?

0
টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম ৪০০ টাকায় পৌঁছানোর পর ভারত থেকে আমদানির প্রথম চালান বেনাপোলে পৌঁছেছে। ২৪ টাকায় কেনা হলেও শুল্ক ও পরিবহন খরচে প্রতি কেজির ব্যয় দাঁড়িয়েছে ১৩৫ টাকা।। ছবি: সংগৃহীত
দেশে টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে প্রতি কেজি ৪০০ টাকায় গিয়ে পৌঁছেছিল। এই সরবরাহ সংকট ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
সোমবার (৩ আগস্ট) রাত আটটার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে প্রথম চালানের ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ দেশে পৌঁছেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাঁচা মরিচের বাজার স্বাভাবিক রাখতে প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। অনুমতি মেলার পরই ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে এ আমদানির প্রক্রিয়া শুরু হয়।

সোমবার রাতেই বেনাপোল বন্দরের আনুষ্ঠানিকতা শেষে কাঁচা মরিচের প্রথম চালানটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রথম চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ এবং খালাস কার্যক্রমে সহযোগিতা করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।

আমদানি করা চালানের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা; অর্থাৎ প্রতি কেজির মূল কেনা দাম পড়ে প্রায় ২৪ টাকা। তবে এর সঙ্গে সরকারকে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক পরিশোধ করতে হয়। সে হিসাবে পণ্যটির প্রাথমিক আমদানি ব্যয় কেজিপ্রতি ৭৮ টাকা হওয়ার কথা।

আমদানিকারকদের দাবি, এর বাইরে ভারতের অভ্যন্তরীণ পরিবহন, কাস্টমস, বন্দর ও স্থানীয় খালাসসহ নানা আনুষঙ্গিক খরচ যোগ হওয়ায় প্রতি কেজির প্রকৃত ব্যয় গিয়ে ঠেকছে প্রায় ১৩৫ টাকায়।

মরিচ আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তাঁর মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়েছে এবং এটি সামান্য লাভে বাজারে বিক্রি করবেন। অভিযোগ তুলে তিনি বলেন, কাস্টমসের কড়াকড়ি ও পণ্য ছাড়করণ জটিলতার কারণে বাড়তি রাজস্ব গুনতে হচ্ছে, যা আমদানিকারকদের লোকসানের মুখে ফেলছে ও সার্বিক আমদানি খরচ বাড়িয়ে দিচ্ছে। তবে আমদানি আরও বাড়লে বাজারে খুব দ্রুতই কাঁচা মরিচের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সোমবার বেনাপোল বন্দরের স্থানীয় কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দেশের বাজারে কাঁচা মরিচের অতিরিক্ত দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমদানির সুবিধার্থে এবং খুচরা বাজারে যেন অতিরিক্ত মুনাফা না করা হয়, সে জন্য কার্যকর বাজার তদারকি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন জানিয়েছেন, কাঁচা মরিচের চালানবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। সীমান্তের ওপারে আরও বেশ কয়েকটি কাঁচা মরিচবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে, যা আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেনাপোল বন্দরে প্রবেশ করবে।