শৈলকুপায় দুর্গা মন্দিরের জমি রক্ষায় মানববন্ধন

0

শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপার দিগনগর ইউনিয়নের তমালতলা এলাকায় নদীর ওপর নতুন সেতু নির্মাণে জমি অধিগ্রহণে খাস জমি রেখে ব্যক্তি মালিকানাধীন ও মন্দিরের জায়গা অধিগ্রহণ করায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। সোমবার দুপুরে তমালতলা গোপালপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রচুর সংখ্যক নারী- পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গোপালপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সাহা জানান, তমালতলা গোপালপুর বাজারের দক্ষিণ পাশে সরকারি খাস জমি রয়েছে। কিন্তু ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ সে খাস জমি অধিগ্রহন না করে উত্তর পাশের ব্যক্তি মালিকানাধীন ও দুর্গা মন্দিরের জমি অধিগ্রহণ করছে। এ জমি অধিগ্রহণ করলে তাদের আর পূজার জায়গা থাকে না।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, তমালতলা নদীর ওপরের পুরনো সেতু ভেঙ্গে যে নতুন সেতু নির্মাণ করা হবে সেখানে উভয় পাশে একটি মসজিদ ও একটি মন্দির রয়েছে। এ দুটি ধর্মীয় প্রতিষ্ঠান অক্ষত থাকবে বলে তিনি জানান।