শৈলকুপায় ঘুষ নেওয়ার অভিযোগে দুই এসআই প্রত্যাহার

0
ছবি: সংগৃহীত।

‎শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

‎প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, শৈলকুপা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির ও উপপরিদর্শক (এসআই) আজগর ফারাজী।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সাদা পোশাকে পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত রিফাত ও তার বন্ধু নিরপরাধ নাজিবুল হোসাইনকে আটক করে ইয়াবা দিয়ে চালান দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন ওই দুই কর্মকর্তা। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।