শৈলকুপায় ইউনিফর্ম না পরায় পরীক্ষা দিতে দেয়া হয়নি শতাধিক পরীক্ষার্থীকে

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ কলেজের নির্ধারিত ইউনিফর্ম না পরায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশগ্রহণ করতে না দিয়ে তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। তবে কলেজ কর্তৃপক্ষ জানান, অনেক দিন থেকে তাদের ড্রেস কোড মেনে কলেজে আসার জন্যে তাগিদ দেয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা তা না মানায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনা রোববারের। এদিন একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষা চলে।
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৪ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমা হাসান জানান, দর্জির ব্যস্ততা এবং পোশাকের কাপড় না পাওয়ায় অনেকেই সময়মত পোশাক তৈরি করতে পারেনি। রোববার(১১ জুন) তাদের ছিল আইসিটি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণের জন্যে নির্ধারিত হলে তারা যান। পরে অধ্যক্ষ তাদের পরীক্ষার হলে গিয়ে যাদের কলেজ নির্ধারিত ইউনিফর্ম নেই তাদের পরীক্ষার হল থেকে বের করে দেন। ফলে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নি বলে তিনি জানান।
পরীক্ষা দিতে না পারা অন্যান্য পরীক্ষার্থীরা জানান, তাদেরকে কলেজ কর্তৃপক্ষ ড্রেস পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন। কিন্তু দর্জি সময়মত তাদের পোশাক সরবরাহ করতে পারেন নি।কলেজ কর্তৃপক্ষ তাগিদ দিলেও এগারো শতাধিক শিক্ষার্থী শৈলকুপার বিভিন্ন দর্জির দোকানে গিয়েও কোনো ড্রেস বানাতে পারেন নি বা রেডিমেট গার্মেন্টসে গিয়েও কিনতে পারেন নি। বিশেষ করে নির্দিষ্ট রঙের বোরকা পাওয়া যায়নি। আর পোষাক নির্ধারণ করা হয়েছে ব্যতিক্রমধর্মী কালারের যা সচারচর পাওয়া যাচ্ছে না। এ ছাড়াও আসন্ন ঈদের আগেও কোনো দোকানদার তা সরবরাহ করতে পারছেনা। পরীক্ষা শুরুর আগে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে।কর্তৃপক্ষের সিদ্ধান্তেই তারা বিগত দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ আজকে(রোববার) পরীক্ষার হল থেকে পেষাক না পরে আসায় অধ্যক্ষ আবদুস সোবহান তাদেরকে জোর করে রের করে দিয়েছেন। অনেক পরীক্ষার্থীকে কলেজ ক্যাম্পাসে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আব্দুর রহমান নামে এক অভিভাবক জানান, তার মেয়ে মোবাইল ফোনে তাকে জানান, পোষাক না পরে আসায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়া হয়েছে। একথা শুনে তিনি প্রায় পাঁচ কি.মি দূর থেকে এসে অধ্যক্ষকে অনুরোধ করেছেন। কিন্তু তিনি তার অনুরোধ রাখেন নি। তিনি আরো জানান, কলেজ টিতে নিয়মিত ক্লাস হয়না । শিক্ষার্থীরা বাড়ি থেকে প্রতিদিনই আসেন। কিন্তু কোনদিনই নিয়মিত কলেজে ক্লাস করানো হয় না। এদিকে মেয়ের আসা- যাওয়ার জন্যে ভ্যান ভাড়া ও টিফিন বাবদ প্রতিদিন ১০০ টাকা দিতে হয়।
মনিরুল ইসলাম নামে অপর অভিভাভক বলেন, আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম। তখন কলেজটি বেসরকারি ছিল। সে সময় এই কলেজ ছিল রেজাল্টের দিক থেকে যশোর বোর্ডে অন্যতম। ১৯৯৩ সালে কলেজটি সরকারি কলেজ হওয়ার পর অনেক খুশি হয়েছিলাম এলাকার ছেলে- মেয়েরা ভাল শিক্ষা পাবে বলে। কিন্তু কলেজটি সরকারি হওয়ার পর এর শিক্ষার মান অনেক নেমে গেছে। নিয়মিত কলেজে ক্লাস হয়না। অধ্যক্ষ সপ্তাহে দুই একদিন আসেন। শিক্ষকরাও এ সুযোগে ক্লাস ফাঁকি দেন। ফলে শিক্ষার মান এখন নিম্নমূখী । প্রতিবছর এসএসসি পরীক্ষায় জিপি এ প্রাপ্ত যে পরিমাণ শিক্ষার্থী কলেজটিতে ভর্তি হয় এইচএসসি পরীক্ষায় তারা সে মান ধরে রাখতে পারেন না।