শিক্ষার্থীদের জন্যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের উদ্বোধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্যে আধুনিক ও স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াশ ব্লকের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্যে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন দেশের মানুষ স্বৈরাচারী সরকারের অধীনে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। ক্ষমতায় এসে দল নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্যে এই ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনও বক্তব্য রাখেন। তারা বলেন, গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুন এই ওয়াশ ব্লক শিক্ষার্থীদের জন্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন ওয়াশ ব্লক নির্মিত হলে শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পাবে, যা তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ছাত্রীদের জন্যে নিরাপদ ও পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হওয়ায় বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।