শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি

0
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লির যন্তর মন্তরে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।। ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আজ সন্ধ্যায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগই ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি।

রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আয়োজিত ওই যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।

সিজেপির শীর্ষ নেতারা জানান, সরকারের দেওয়া আশ্বাসের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং ইতিবাচক সদিচ্ছার নিদর্শন হিসেবেই তারা এই দীর্ঘদিনের রাজপথের অবস্থান কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধান দাবি হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য প্রাসঙ্গিক দাবিগুলোও মেনে নিয়েছে ভারত সরকার।

দাবিগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সকল পুলিশ মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি না করা এবং বিতর্কিত নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মাহুতি দেওয়া শিক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

উল্লেখ্য, টানা ৩৬ দিন ধরে চলা এই রক্তঘাম করা আন্দোলনের পর সরকারের নতিস্বীকার ও ইতিবাচক পদক্ষেপের ফলে অচলাবস্থার অবসান ঘটল।

সিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আন্দোলনস্থলে উপস্থিত সকল বিক্ষোভকারী, শিক্ষার্থী ও অভিভাবকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ছেড়ে নিজ নিজ বাসস্থানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি