শালিখায় বীর মুক্তিযোদ্ধা শারীরিকভাবে লাঞ্ছিত

0

 

শালিখা(মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তার প্রতিবেশী আব্দুল খালেক ও তার ভাগ্নে সাগর আলী তাকে লাঞ্চিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। মুক্তিযোদ্ধা গোলাম রসুল উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের মৃত রেজাউল মোল্যার ছেলে। ঘটনাটি ২৯ জুলাই ঘটলে পরবর্তীতে ওই মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়েছে, বসত বাড়ির সীমানা পিলার বসানোকে কেন্দ্র করে তার প্রতিবেশীর সাথে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। ওই সময় আব্দুল খালেক ও তার ভাগ্নে সাগর আলী অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি এর প্রতিবাদ করলে দুজনই তার উপর চড়াও হয় এবং তাকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে লাথি-গুতা মারো। তিনি দাবি করেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাজু আহম্মেদ জানান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল চাচাকে তার সামনে সাগর, আব্দুল খালেকসহ কয়েকজন চড় থাপ্পর ও লাথি গুতা দিয়ে মাটিতে ফেলে দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবেশি রিনা খাতুন জানান, আমাদের জমির কিছু অংশ আব্দুল খালেক মোল্যার বসত ভিটার মধ্যে চলে যাওয়ায় জমিটি সঠিক মাপের জন্য বীর মুক্তিযোদ্ধা গোলম রসুল চাচাকে জমি পরিমাপের স্থলে আসতে বলি, তিনি সেখানে যাওয়া মাত্রই প্রতিবেশী আব্দুল খালেক সহ কয়েকজন লোজ তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে এবং মুক্তিযোদ্ধাদের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর জানান, বিষয়টি অত্যন্ত গর্হিত।
এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম জানান, এ বিষয়ে একটা অভিযোগ পাওয়ায় তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান জানান এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষটি তদন্তের জন্যে শালিখা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।