শার্শা সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

0
ছবি: লোকসমাজ।

আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর)॥ শার্শা উপজেলার সীমান্ত এলাকা রুদ্রপুর ও পুটখালীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ও মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন, শার্শা থানার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাসেল রানা (২৬) ও বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম শার্শা থানার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানে গ্রামের রাসেল রানার টিনের বসতঘর থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল তার শয়নকক্ষের বালিশের নিচে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে বালিশের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো ২টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১টি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম জব্দ করেন। পরে গ্রেফতার রাসেলের স্বীকারোক্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার রাসেল রানার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার এই বিপুল পরিমাণ অস্ত্র ও ম্যাগাজিন তারা কী উদ্দেশ্যে ও কোথা থেকে সংগ্রহ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।