শার্শায় দুটি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ শার্শা উপজেলার পাঁচভুলোট থেকে দুটি নাইন এমএম পিস্তল, ম্যাগজিন ও মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অভিযান চলে।

আটকরা হলেন, পাঁচভুলোট গ্রামের ইমাম আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউল ইসলামের ছেলে ইছা সর্দার (৫০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে অভিযান চালানো হয় আবদুল মজিদের বাড়িতে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক অস্ত্র ও ম্যাগজিনের দাম ২ লাখ ২০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আরও বলেন, সীমান্ত অঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, বিজিবির হাতে আটক দুই অস্ত্র ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।