শার্শায় বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিশিং নেটসহ আটক ১, পলাতক গাড়িচালক

0
শার্শার বাগুড়ীতে অভিযানে উদ্ধার করা ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিশিং নেট, আটক রফিক পশারী।। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিশিং নেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে শার্শা উপজেলার বাগুড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রফিক পশারী (৬১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল বাগুড়ী এলাকার বেলতলা বাজারে ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে অভিযান চালায়। এসময় রফিক পশারী ও একজন পলাতক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালকের ব্যবহৃত একটি পুরনো সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে পাঁচটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৮৮ বান্ডিল বিদেশি ফিশিং নেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফিশিং নেটের মধ্যে রয়েছে ‘ELEPHANTA FISHING TACKLE’ ব্র্যান্ডের ৮০ বান্ডিল, ‘KEERIN FISHING TACKLE’ ব্র্যান্ডের ৬৮ বান্ডিল এবং ‘GOLD CUP’ ব্র্যান্ডের ৪০ বান্ডিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় আটক রফিক পশারী ও পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।