যশোরে যুবলীগ নেতা চিমাসহ ৪ জনের বিরুদ্ধে জিডি

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য হাদিউজ্জামান চিমাসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরীফ আল আমিন শুভ নামে এক ব্যক্তি। প্রাণনাশের হুমকির অভিযোগে গত সোমবার তিনি এ জিডি করেন।

অভিযুক্ত হাদিউজ্জামান চিমা উপশহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্য অভিযুক্তরা হলেন— চিমার বোন সুমাইয়া পুতুল, পাগলাদাহ গ্রামের মোয়াজ্জেমের ছেলে রাশেদ এবং শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার পাপ্পু।

শহরতলীর বিরামপুর এলাকার ফেরদৌস হোসেনের ছেলে শরীফ আল আমিন শুভ জিডিতে উল্লেখ করেছেন, সুমাইয়া পুতুল, হাদিউজ্জামান চিমা, রাশেদ ও পাপ্পুসহ আরও কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিলেন।

জিডিতে আরও বলা হয়, গত ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিরামপুর গাবতলা মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হাদিউজ্জামান চিমাসহ অন্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।