শরীফ হোসেন ছিলেন সমাজ বদলের অগ্রনায়ক : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক গ্রন্থাগার আন্দোলনের অগ্রনায়ক, বহুমাত্রিক কর্মবীর, সন্দীপন ও লিল্লাহ ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক শরীফ হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে সন্দীপন যশোর স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহরের খড়কিস্থ সন্দীপন ভবনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় সন্দীপনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেন, শরীফ হোসেন ছিলেন সমাজ বদলের অগ্রনায়ক এবং বিশিষ্ট সমাজসেবক। কিভাবে সমাজের চিত্রটা পাল্টানো যায়, সেই চিন্তা ধারা নিয়ে তিনি কাজ করতেন। তিনি তার শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করে গেছেন। সমাজ ও দেশের জন্যে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সেই নৈতিক শিক্ষাটাও শিখিয়েছেন। তিনি ছিলেন গ্রন্থাগার আন্দোলনের অগ্রনায়ক। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। অধ্যাপক নার্গিস বেগম তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন সন্দীপন যশোরের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুলতান আহমদ, অধ্যাপক কাজী শওকত শাহী, বিশিষ্ট কবি ও সাংবাদিক ফখরে আলম. ডা. অনীল কুমার বিশ্বাস প্রমুখ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসহক, উপশহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন ইকবাল, মুসলিম একাডেমির প্রধান শিক্ষক জোহুর আলী, সন্দীপন যশোরের নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান কবির প্রমুখ। পরে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।