যশোরে যুবলীগ নেতা মোস্তফা ফরিদ গ্রেফতার

যশোর জেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরিকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার পর যশোর শহরের একটি স্থান থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান। তিনি জানান, নাশকতার বিভিন্ন অভিযোগে মোস্তাফা ফরিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে কিংবা আটকের সময় তিনি কোথায় অবস্থান করছিলেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালনের অভিযোগ ওঠে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিকে তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।