শরণখোলায় জেলে কার্ডের চাল পায়নি ১৬৯ পরিবার

0

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় স্মার্টকার্ড থাকার পরেও বিশেষ বরাদ্দের দ্বিতীয় দফার ৮০ কেজি চাল থেকে বঞ্চিত হয়েছেন ১৬৯ জেলে পরিবার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী রায়হান উদ্দীন শান্তকে সমর্থন না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের দোয়াত কলম সমর্থন করায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের ১নং উত্তর রাজাপুর ওয়ার্ডের এবং দুই নং দক্ষিণ রাজাপুর ওয়ার্ডের জেলে পরিবারগুলোকে তাদের প্রাপ্য চাল দেয়া হয়নি । এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় এসব চাল পরিষদের চেয়ারম্যান র্কাডধারী জেলেদের না দিয়ে পক্ষপাতমূলকভাবে বিতরণ করেছেন।

উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মকবুল হাওলাদার, মিলন হাওলাদার, রহমান হাওলাদার, রবিউল হাওলাদার, নাজেম হাওলাদার, সোহরাব হাওলাদার, খলিল হাওলাদার, আবুল বাশার তালুকদারসহ অনেকে জানান, গত মাসেও তারা ৪০ কেজি করে চাল পেয়েছেন। কিন্তু এ মাসে চাল আনতে গেলে তাদেরকে চাল দেওয়া হয়নি। এর কারণ জানতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করেননি। পরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্তার বয়াতী জানান, উপজেলা নির্বাচনে আসাদুজ্জামান মিলনের দোয়াত কলম মার্কা সমর্থন করার কারণে তাদেরকে চাল দেওয়া হবেনা। এ ব্যাপারে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানান, এ ঘটনার বাসÍবতা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।