লোহাগড়ায় গোপনে কোলা প্রাইমারি স্কুলের কমিটি গঠনের চেষ্টা

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ার ৫৮ নম্বর কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। একটি মহল গোপনে কমিটি গঠনের পাঁয়তারা করছে বলে অভিযোগ। জানা গেছে, সম্প্রতি উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে তপসিল ঘোষণা করা হয়। কিন্তু এলাকার প্রভাবশালী কয়েকজনে জোর করে অভিভাবকদের স্বাক্ষর করিয়ে নিয়ে ইচ্ছামতো কমিটি গঠনের চেষ্টা করছেন। অভিভাবক সৈয়দ নুর আলীসহ এলাকার লোকজন জানান, কোলা এলাকার শাহাজান, মনির সরদার, দিঘলিয়ার ডাকু বিশ^াস গোপনে কমিটি করার জন্য তোড়জোড় শুরু করেছেন। অথচ স্থানীয় লোকজন ও অভিভাবকরা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন চান। স্থানীয় অভিভাবক সৈয়দ নুর আলী আরো অভিযোগ করেন, রবিবার সকালে ডাকু বিশ^াস আমার বাড়িতে গিয়ে জোর করে কাগজে আমার স্ত্রীর স্বাক্ষর নিয়েছেন। এমনকি আমি স্বাক্ষর না করায় ডাকু বিশ^াস হুমকি দিয়েছেন আমার সন্তানকে ওই স্কুল থেকে বের করে দেবেন। অভিযুক্ত ডাকু বিশ^াস সৈয়দ নুর আলীর স্ত্রীর স্বাক্ষর নেবার কথা স্বীকার করলেও অন্য অভিযোগ অস্বীকার করেছেন। শাহাজান ও মনির সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন রানী বলেন, কমিটি গঠনের জন্য আগেই তফসিল ঘোষণা করা হয়েছে। গ্রামের লোকজন কমিটি গঠনের চেষ্টা করছেন। আমাকে এখনো কিছু জানানো হয়নি। উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান খান বলেন, অভিযোগ শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।