লোহাগড়ায় গৃহবধূকে জবাই করে হত্যা

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় দু’সন্তানের জননীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শেফালী বেগম ওরফে আন্না (৪৯) জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী। পুলিশ  সোমবার বেলা ১১ টার সময় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটাতে পারে বলে এলাকাবাসী ও স্বজনদের ধারণা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দু’সন্তানের জননী শেফালী বেগম তার মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারুল বেগম সাথে নিয়ে রবিবার রাত ৮ টার দিকে পার্শ্ববর্তী মাদ্রাসা খাদিজাতুল কোবরা কওমী মাদ্রাসায় যান। তারা সেখান থেকে বাড়ি ফিরে এসে রাতের খাবার খেয়ে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে শেফালী ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে জা পারুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকানি বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান।
লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বটি ও সোনার গহনার ৫টি খালি বাক্স জব্দ করেছে। উল্লেখ যে, নিহত শেফালী বেগমের স্বামী জাহাজে কর্মরত এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ অভিযোগ করে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবিকে খুন করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।