খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ করে দুর্বৃত্তদের গুলি: লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ মা

0
খুলনা নগরের সোনাডাঙ্গায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মা শিমুল বেগম গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।। প্রতীকী ছবি: সংগৃহীত

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার করিমনগরে দিনদুপুরে এক বসতবাড়িতে ঢুকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মা শিমুল বেগম (৪০) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে করিমনগর এলাকার ওই ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ শিমুল বেগমকে উদ্ধার করে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় মুঠোফোন সেট ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মুকুল তাঁর পরিবার নিয়ে করিমনগর এলাকার একটি তিনতলা বাড়ির ৩য় তলায় ভাড়া থাকেন। আজ সকালে দুটি মোটরসাইকেলে চড়ে মোট পাঁচজন দুর্বৃত্ত এসে নিচতলার ফটক খুলে তাঁদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। এরপর তারা মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকে। মুকুল তাঁদের কাছে হঠাৎ ছেলেকে খোঁজার কারণ জানতে চাইলে দুর্বৃত্তদের সঙ্গে তাঁর হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।

ঘটনার বর্ণনা দিয়ে ব্যবসায়ী মুকুল জানান, তাঁর ছেলে বাড়িতে নেই—এ কথা জানানোর পরও দুর্বৃত্তরা সেখানে অবস্থান করে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে তাঁদের মধ্য থেকে একজন তাঁকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। ওই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে লাগে। গুলি ছুড়েই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত শিমুল বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, “মুকুল ও তাঁর পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”