পাইকগাছায় শ্রেণিকক্ষ সংকটে তাবু টাঙিয়ে পাঠদান

0
ছবি: সংগৃহীত।

জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা (খুলনা)॥ শ্রেণিকক্ষ সংকটের কারণে পাইকগাছায় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাঁবু টাঙিয়ে পাঠদান করা হচ্ছে। উপজেলার মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে পড়ালেখা করানো হচ্ছে। সেখানে তৃতীয় শ্রেণির ৩৭ শিক্ষার্থীকে তাঁবুর ভেতর পাঠদান করা হয়।

শ্রেণিকক্ষ সংকটের কারণে নতুন ভবনের খোলা ছাদের নিচে এটা করা হচ্ছে। এখানে আষাঢ় -শ্রাবণ মাসের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮০ জন। কক্ষ রয়েছে পাঁচটি। ফলে সব শ্রেণির পাঠদান স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষ সংকটের কারণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্যে বিকল্প হিসেবে তাঁবু টাঙিয়ে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা জানায়,বৃষ্টি হলে তাঁবুর নিচে পানি চলে আসে । বই-খাতা ভিজে যায়। অনেক সময় ক্লাসও বন্ধ রাখতে হয়। প্রচন্ড রোদেও এমন কষ্ট হয়েছে।

প্রধান শিক্ষক সুষমা রানী মন্ডল বলেন, বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু শ্রেণিকক্ষ আছে মাত্র পাঁচটি। এক শিফটে সব শ্রেণির পাঠদান পরিচালনা করা খুবই কষ্টকর। এ কারণে বাধ্য হয়ে নতুন ভবনের খোলা ছাদের নিচে তাঁবু টাঙিয়ে পাঠদান করা হচ্ছে।বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের তাঁবু টাঙিয়ে পাঠদান মেনে নেওয়া যায়না। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত একটি শ্রেণিকক্ষের ব্যবস্থা করা যায় কি- না সে বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।