রূপদিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মাংস বিক্রেতাকে কুপিয়ে জখমের অভিযোগ থানায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মেহেদী হাসান (২৪) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ করা হয়েছে যশোর কোতয়ালি থানায়।
অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রূপদিয়া বাজারে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী হাসান কচুয়া গ্রামের মৃত রাজ্জাক শরীফের ছেলে। এ ঘটনায়  বুধবার ( ১২ এপ্রিল)   দুপুরে আহতের মা খালেদা বেগম ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে যশোর কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে জানা গেছে, সদর উপজেলার রূপদিয়া বাজারে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছিলেন মেহেদী হাসান। গত দুই মাস আগে স্থানীয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ব্যবসার তাগিদে ইউপি চেয়ারম্যান রাজুকে তিন লাখ ২০ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকা না দেওয়ায় গত ১০ এপ্রিল চেয়ারম্যান রাজু দুই-তিন বার তাগিদ দেন। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে চেয়ারম্যান রাজুর নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন মেহেদীর মাংসের দোকানে এসে টাকা দাবি করেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করিলে চেয়ারম্যান রাজুর নির্দেশে ফিঙ্গে শামিমের হাতে থাকা ধারালো দা দিয়ে মেহেদীর শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এছাড়া কয়েকজন রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় মেহেদীর কাছে থাকা দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে দেয়। পরে চিৎকার করলে অন্য দোকানিরা মেহেদীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী জানান, ‘চেয়ারম্যান একদিন ফোন করে আমাকে বলে এখানে ব্যবসা করলে আমাকে চাঁদা দিতে হবে। প্রথমে না দিতে চাইলেও ব্যবসার তাগিদে তিন ধাপে আমি তিন লাখ ২০ হাজার টাকা দেই। পরে আরও এক লাখ ৮০ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মঙ্গলবার রাতে তার বাহিনী নিয়ে আমার দোকানে আসে। কথা কাটাকাটির একপর্যায়ে রাজুর নির্দেশে তার লোকজন আমাকে কুপিয়ে জখম ও এলোপাতাড়ি মারধর করে কাছে থাকা টাকা ছিনতাই করে চলে যায়। চাঁদার বিষয়ে স্থানীয় ফাঁড়িকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি অভিযোগ মেহেদীর। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রাজুর নাম্বারে কয়েক দফা ফোন করলে বন্ধ পাওয়া যায়। আর যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম বলেন, বিষয়টি শুনেছি। ভ্ক্তুভোগীর স্বজনরা অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।