রাশিয়ার ওপর কঠিন অবরোধে ইউক্রেনের প্রেসিডেন্টের আহ্বান

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলনেস্কি রাশিয়ার ওপর কঠিন অবরোধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এর আগে সোমবার ইউক্রেন ঘিরে চলমান সংকটের মধ্যে দেশটির পূর্বে বিদ্রোহীদের প্রতিষ্ঠিত দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন। রাশিয়ার এই পদক্ষেপকে ইউক্রেনের ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছিলেন জেলনেস্কি। মঙ্গলবার নতুন করে সংবাদ সম্মেলনে রাশিয়ার পদক্ষেপের জন্য দেশটির ওপর ‘শিগগিরই অবরোধ’ আরোপের জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাশিয়া থেকে জার্মানিগামী গ্যাস পাইপলাইন ‘নর্ড স্ট্রিম ২’ বন্ধ করে দেয়ার আহ্বান জানান জেলনেস্কি। গত বছরের সেপ্টেম্বরে পাইপলাইনটির নির্মাণকাজ শেষ হলেও এখনো তা চালু হয়নি।
সংবাদ সম্মেলনে জেলনেস্কি আরো বলেন, রাশিয়ার সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে তিনি বিবেচনা করছেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে মস্কোর স্বীকৃতি তার দেশের মতোই অন্য ইউরোপীয় জাতিগুলোর জন্য হুমকি। জেলনেস্কি বলেন, ‘আমাদের দেশের সীমান্তের নিরাপত্তাতেই অন্য দেশের নিরাপত্তা নির্ধারিত হবে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর সদস্য নই, কিন্তু যদি পূর্ণমাত্রায় সংঘর্ষ শুরু হয়, রুশ ফেডারেশন যদি পূর্ণমাত্রায় আগ্রাসন চালায়, তবে মলদোভা, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়াসহ আমাদের প্রতিবেশীরা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।’ তিনি বলেন, ‘খোদা রক্ষা করুন আমি তা চাই না, কেউই যুদ্ধ চায় না। ইউক্রেনে মানুষ শান্তি চায়। কিন্তু আমাদের আগ্রাসনের যেকোনো পদক্ষেপের মোকাবেলায় প্রস্তুত থাকা উচিত।’ এর আগে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সৈন্য ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জন্য উভয়পক্ষই পরস্পরকে দায়ী করছে। সংঘর্ষের জেরে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় পাঠানোর ঘোষণা দেয় এবং অস্ত্র ধরতে সক্ষম সবাইকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা জারি করে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার রাশিয়া বিদ্রোহীদের স্বীকৃতি দিয়ে ওই অঞ্চলে শান্তি রক্ষায় সৈন্য পাঠানোর ঘোষণা দেয়।
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র ‘দনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’ প্রতিষ্ঠা করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ২০১৫ সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া এক চুক্তি করে। মিনস্ক চুক্তি অনুযায়ী এই অঞ্চলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীদের সরে যাওয়ার বিষয় যুক্ত ছিলো। দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীরা সরে গেলে ইউক্রেনের ওই অঞ্চলে গণভোটের ব্যবস্থা করবে। কিন্তু পরস্পরের প্রতি সহিংসতার অভিযোগের জেরে এই চুক্তি আর বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে ২০২০ সালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ন্যাটো সামরিক জোটের ‘ইনহ্যান্সড অপারচুনিটি পার্টনার’ পদ পেলে রাশিয়া ক্ষুব্ধ হয়। নিজ দেশের সীমান্তে ন্যাটোর সম্প্রসারণের শঙ্কায় রাশিয়া ইউক্রেনের যুক্তরাষ্ট্রের এই সামরিক জোটে যোগ দেয়ার বিরোধিতা করছে। গত বছরের ডিসেম্বরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের পর উত্তেজনা নতুন করে বাড়ে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, প্রায় এক লাখ সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে মস্কো। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইউক্রেনে হামলার জন্যই রাশিয়া ওই সৈন্য সমাবেশ করেছে। কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলছে, সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে। পরে কিছু সৈন্য সরিয়ে নেয়ারও ঘোষণা দেয় রাশিয়া। কিন্তু তাতেও ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো আশ্বস্ত না হয়ে ইউক্রেন সীমান্ত থেকে সব সৈন্য সরিয়ে নেয়ার আহ্বান অব্যাহত রাখে। সৈন্য সমাবেশের জেরে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা প্রশমনে বিভিন্ন পন্থায় কূটনেতিক সমাধানের চেষ্টা চলছিলো। কিন্তু নতুন করে বিদ্রোহীদের বিষয়ে রাশিয়ার পদক্ষেপ দুইপক্ষের মধ্যে যুদ্ধকে প্রায় অনিবার্য করে তুলেছে।
সূত্র : বিবিসি ও ফ্রান্স টোয়েন্টি ফোর