রামপাল-বাঁশতলী সড়ক নির্মাণের কাজ আজও শেষ হয়নি,অনিয়মের অভিযোগ

0

 

এম. এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) ॥ রামপাল-বাঁশতলী সড়কের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা পরিষদ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় উপজেলায় সেবা প্রত্যাশী ও এর আশপাশ এলাকার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অভিযোগ উঠেছে, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ও ড্রেনেজ ব্যবস্থা নিয়েও।
নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে প্রভাবশালী একাধিক ব্যক্তি জড়িত থাকায় উপজেলা এলজিইডিসহ সংশ্লিষ্টরা অনেকটা অসহায় হয়ে পড়েছেন বলে জানা গেছে। সড়কটি আরসিসি দ্বারা উন্নয়ন করা হচ্ছে। খুলনা দৌলতপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স ২ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ২৫৫ টাকা ব্যয়ে ১.২০৫ মিটার চেইনের সড়কটি নির্মাণ করছে। ওই প্রতিষ্ঠানটি কাজ শুরু করে গত ০১-০৩-২০২০ তারিখ। যা শেষ হওয়ার কথা গত ০১-০৩-২০২১ তারিখে। কিন্তু ১৫ মাস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেনি। অর্ধেকের কিছু বেশি কাজ সম্পন্ন করতে পারলেও বাকি প্রায় ৫’শ মিটার কাজ ফেলে রেখে বসে আছে। ওই সড়কের অর্ধেক কাজ নির্মাণ সম্পন্ন হওয়া এবং কাজের গুণগত মান ঠিক থাকলেও অপর অংশের ইটের খায়া ফেলানো নিয়ে এবং ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরসিসি সড়কের সাথে দুটি ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেন দুটি সড়কের চেয়ে খানিকটা উঁচু হওয়ায় এবং সড়কের পানি ড্রেনে না যাওয়ায় ড্রেন দুটি কোন কাজেই আসছে না বলে এলাকাবাসী দাবি করেছেন। বর্তমানে ড্রেন দুটি মশা উৎপাদনের খামারে পরিণত হয়েছে। এ ছাড়াও অসমাপ্ত সড়কে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বাসস্ট্যান্ডের ওই এলাকায় ঠিকাদারের লোকজন দুই গাড়ি নিম্নমানের ইটের খোয়া ভুলক্রমে ফেলেছিল। আমি তাদের নি¤œমানের খোয়া সরিয়ে এক নম্বর খোয়া দিতে বলেছি।’ সড়কটির বাকি অংশ দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা সঠিক নিয়মে করা হয়েছে বলে দাবি করেন উপজেলা চেয়ারম্যান।
এ বিষয়ে রামপাল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. গোলজার হোসেন বলেন, নিয়ম মেনেই সড়কটির নির্মাণ কাজ চলছে। তবে ড্রেনেজ ব্যবস্থা সঠিক নিয়মে করা হয়েছে কি না সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। নির্দিষ্ট সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন না করায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিশীঘ্রই সড়কের বাকি অংশের কাজ সম্পন্ন করা হবে।