রামপালে ১২ দিনে ৪টি গ্রাম নিমজ্জিত

0

 

এমএ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত গ্রাম রক্ষা বাঁধ ভেঙে ৪ টি গ্রামের ৮ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে একমাত্র আয়ের উৎস মাছের ঘের, পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। গত ১২ দিন ধরে প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে নিমজ্জিত হচ্ছে ৪ টি গ্রামের হাজার পরিবার। সরোজমিনে গিয়ে দেখা যায় এসব চিত্র।
ক্ষতিগ্রস্ত রোমজাইপুর এলাকায় জনপ্রতিনিধি বা প্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্গত এলাকা পরিদর্শন করলেও বেশি ক্ষতিগ্রস্ত গ্রাম আড়ুয়াডাঙ্গা, সাতপুকুরিয়া, জিগিরমোল্লা ও সিংগড়বুনিয়ার কিছু এলাকা পরিদর্শন করেননি কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শুধুমাত্র ১৬১ জন দুর্গতকে ১০ কেজি চাল ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্যে রোমজাইপুরের বেড়িবাঁধের জন্যে মাত্র দুই লাখ টাকা ও আড়ুয়াডাঙ্গায় বেড়িবাঁধ মেরামতের জন্যে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় যা অপ্রতুল বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া, রোমজাইপুর, সাতপুকুরিয়া, আড়ুয়াডাঙ্গা, জিগিরমোল্লা গ্রাম চারিদিক দিয়ে মোংলা ঘোষিয়াখালী ও মাদারতলা নদী দ্বারা বেষ্টিত । এই ব-দ্বীপের মধ্যেই এলাকাবাসীর বসবাস। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে এ এলাকা ক্ষতবিক্ষত হয়ে আসছে। সিডর, আইলা ও আম্পানের ঝড়ে একইভাবে জলোচ্ছ্বাসে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আবারো লন্ডভন্ড হয়েছে এসব এলাকা । এর ভেতর শুধুমাত্র রোমজাইপুর এলাকায় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন। কিন্তু গত ১২ দিনের মধ্যে কেউই খোঁজ নেননি অন্য তিনটি গ্রামের দুর্গত মানুষের। এ কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশেষে নিজেদের বেঁচে থাকার তাগিদে সোমবার থেকে ভাটার সময় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন।