রামপালে সড়ক দুর্ঘটনাকে মারামারি সাজিয়ে মামলার অভিযোগ

0

এমএ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ রামপালে সড়ক দুর্ঘটনাকে মারপিটের ঘটনা সাজিয়ে মামলা করার অভিযোগ উঠেছে এ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্টরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন । ভুয়া মামলায় ফাঁসানোর চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য জাফর ইকবাল গত ইংরেজি ২৯ জুন রাত সাড়ে ১০ টার দিকে ফয়লার জনৈক হালিম পাটোয়ারির বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথে সুলতানীয়া গ্রামের টুকু ও মান্নানের বাড়ির সামনে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় এনজিও কর্মী জিল্লুর তার স্ত্রী ও ছেলে ইমনকে নিয়ে মোংলার কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। জিল্লুর রহমান অভিযোগ করেন, তিনি সড়কের বামপাশ দিয়ে খামঘাটার তার বাড়িতে যাওয়ার পথে সুলতানীয়া নামক স্থানে পৌঁছানো মাত্র উল্টো দিক দিয়ে একটি নসিমন আসছিল। নসিমনের পাশ দিয়ে যাওয়ার সময় হটাৎ জাফর ইকবাল মেম্বার ওভারটেক করে সামনে গিয়েই নসিমনের সাথে প্রচ- ধাক্কা লেগে ছিটকে পড়ে আমার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেন। তখন আমি, আমার স্ত্রী ও ছেলে ছিটকে পড়ি। আমার পা ভেঙ্গে যায় ও আমার ছেলে মুখের ওপরের দাঁত ভেঙ্গে গিয়ে আহত হয়। তিনি আরও অভিযোগ করেন, তাকে মামলায় জড়ানোর ভয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন জাফর ইকবাল। টাকা না দিলে চাকরিচ্যুত করার হুমকি দেন। ভয়ে জাফর ইকবালকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেন।
অভিযোগের বিষয়ে জানার জন্যে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সুলতানীয়া গ্রামের দোকান্দার আনোয়ার, শামীম মোল্লা, মোশারেফ মোল্লা, হেমায়েত মোল্লা, লাইলী বেগম ও জাহানারার বেগম জানান, কুরবানির ঈদের দিন রাতে মোটরসাইকেল ও নসিমনের সাথে সংঘর্ষে সবাই আহত হন। ওইদিন কারো সাথে কোন মারামারি হয়নি। ওই মামলায় সুলতানীয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে বেলাল ব্যাপারী ও আদাঘাট গ্রামের জামাল মুন্সীর ছেলে জাবের মুন্সীকেও আসামি করা হয় বলে তারা শুনেছেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, ওই সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। বেলাল ব্যাপারী ও জাবের জানান, ইকবালের সাথে মামলা মোকদ্দমা থাকায় ওই মামলা থেকে রেহাই পেতে মিথ্যা মারামারির মামলা দিয়েছেন।
এ বিষয়ে আহত জাফর ইকবাল জানান, আসামিরা ইচ্ছাকৃতভাবে আমাকে আহত করেছে। তবে জিল্লুর রহমান ও তার ছেলে ইমনের আহত হওয়ার ব্যাপারে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, এ সংক্রান্ত বিষয়ে কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি।