রামপালে সন্ত্রাসী মাছুম বিল্লাহ গংয়ের হাত থেকে বাঁচতে চান ১০ গ্রামের মানুষ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পেতে চান ১০ গ্রামের মানুষ। তারা বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন। গ্রামগুলো হলো মিত্রাবাদ, বড়দিয়া, তালবুনিয়া, ইসলামাবাদ, চন্ডিতলা, কিসমত চন্ডিতলা, দেয়ালডাঙ্গা, মুজিব নগর, সুন্দরপুর ও গিলাতলা। গ্রামবাসী বহু আবেদন নিবেদন করার পরেও সন্ত্রাসীরা একের পর এক হামলা, মারধর করে আহত করছে গ্রামের মানুষদের। সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার, ঘের দখল ও জমি দখলকে কেন্দ্র করে এ সব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ আবু জাফরের পুত্র ২টি হত্যা মামলা, বোমা হামলা, নারী অপহরণসহ অর্ধডজন মামলার আসামি মাছুম বিল্লাহ বাড়িতে এসেই একটি অপরাধ জগৎ গড়ে তুলেছেন। তার সহযোগীরা হলো, ইসলামাবাদ গ্রামের আবু তালেব, মারুফ শেখ, মাসুম শেখ, মোস্তাফিজ শেখ, বাকি বিল্লাহ, শরাফত কাজী, খোকন শেখ, পলাশ শেখ, নাহিদ শেখ, আসাদ শেখ সহ প্রায় দুই ডজন ব্যক্তির সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরা ইতোমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদরাসা শিক্ষক কুদরতি এনামুল বাশার বাচ্চু, সাবেক ইউপি সদস্য ও যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য শেখ রাসেল, সাবেক ইউপি সদস্য রেজাউল কুদরতি, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, রামপাল উপজেলা বিএনপি নেতা ফকির শাহাদাত হোসেন, ফকির আবু জাফরসহ শতাধিক মানুষ কে মারধর করে গুরুতর আহত করেছেন। এ ছাড়াও সরকারি কাজে বাধা প্রদান করে এসি ল্যান্ডের গাড়ি চালক কোহিনূরকে মারধর করে আহত করছেন। অনেকে এ সব নিয়ে মামলাও করতে পারেননি। সন্ত্রাসী মাছুম বিল্লাহ বিএনপি নেতা ও জনপ্রিয় চেয়ারম্যান সরদার হাবিবুর রহমানকে এবং সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা গাজী আবু বকারকে নৃশংসভাবে বোমা মেরে হত্যার ঘটনার মামলার আসামি।
এত সব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাছুম বিল্লাহ, মারুফ, মাসুমের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম্য দলাদলির কারণে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছে। মামলা ও জিডির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের মারধর করে উল্টো আমাদের নামে মামলা করেছে ও জিডি করেছে। অনেক মামলা থেকে আমরা খালাস পেয়েছি। ভুক্তভোগীরা রামপাল থানা ও বাগেরহাট জেলা পুলিশ সুপারের আশু সমাধান কামনা করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সন্ত্রাসীদের থামানো না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন।