রামপালে রোববার থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ অবশেষে রামপালের ১ লাখ ১০ হাজার ৩৭৫ জন ভোটার এ বছর স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী রোববার (৮ অক্টোবর) থেকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ থেকে এ কার্ড বিতরণ শুরু করা হবে।
রামপাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের নতুন ভোটারসহ সকল ভোটার এসব স্মার্ট কার্ড পাবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৫ জন। এর মধ্যে ১ হাজার ৭০০ ভোটারের স্মার্ট কার্ড আসেনি। নামে গড়মিল, ঠিকানা সমস্যা ও সদ্য ভোটারদের স্থান পরিবর্তন জনিত কারণে কার্ড আসেনি। তবে নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে দ্রুত কার্ড পাওয়ার ব্যবস্থা করা হবে বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছে।

উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৮ অক্টোবর রোববার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে ৩৩৪৩ জনকে ও ৯ অক্টোবর সোমবার মল্লিকেরবেড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪০৪৩ জনকে কার্ড প্রদান করা হবে। ১০ অক্টোবর মঙ্গলবার ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদে ৩০০০ জনকে ও ১১ অক্টোবর বুধবার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ২৯০৮ জনকে কার্ড দেয়া হবে। ১২ অক্টোবর বৃহস্পতিবার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৪২ জনকে, ১৩ অক্টোবর শুক্রবার ও ১৪ অক্টোবর শনিবার বর্ণিত ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ৩০০০ জনকে, ১৫ অক্টোবর রোববার আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩৩৩ জনকে কার্ড দেয়া হবে।
রামপাল উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সাত্তার এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট তারিখ ও সময়ে স্ব স্ব এলাকার ভোটারগণ স্মার্ট কার্ড সংগ্রহ করবেন। কোন কারণে কেউ যথাসময়ে কার্ড নিতে না পারলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ড সংগ্রহে হয়রানি এড়াতে সরাসরি ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাচন অফিসেই যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।