রাজধানীতে দুই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানী ঢাকার উত্তরায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডারের চাপায় শিশুসহ ৫ ও চকবাজারে আগুনের ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্রেন থেকে ছিটকে যাওয়া গার্ডারের চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)।
সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরার জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নিহতরা সবাই একটি টয়োটা গাড়িতে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় গাড়ির ওপর পড়ে। প্রাইভেট কার থেকে মোট সাত জনের মধ্যে দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আরও চারজন ভেতরে চাপা পড়ে রয়েছেন।
জানতে চাইলে বিআরটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, তিনি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। ক্রেন বিপর্যয়ের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে শুনেছি।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন আহত হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান।


অপরদিকে রাজধানীর চকবাজারের পলিথিন কারখানার আগুনে দগ্ধ ছয় জনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। মৃত ছয় জনই হোটেলের কর্মী বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন, মৃতরা সবাই ডিউটি শেষে ঘুমিয়েছিলেন। বাইরে থেকে সাটার বন্ধ ছিল।
মৃতদের মধ্যে ওসমান, বিল্লা, শরীফ, স্বপনের নাম জানিয়েছে স্বজনরা। বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তনে মরদেহ দেখে চেনা যাচ্ছে না।
এর আগে, দুই ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজার কামালবাগের দেবীদ্বারঘাটের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।
তিনি বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।