রাজগঞ্জে ধান কাটা শুরু

0

 

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর)॥ বৈরি আবহাওয়া আর ক্ষেতে বিভিন্ন ক্ষতিকারক পোকা ও রোগ-বালাইয়ের কারণে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে চলতি আমন মৌসুমে আশানুরূপ ধান ঘরে তুলতে পারেন নি কৃষক। উৎপাদন অর্ধেক হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। সার-কীটনাশক ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। তার তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকদের উৎপাদন খরচ ঘরে উঠছে না।
এ উপজেলার রোহিতা, কাশিমনগর, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, মশ্মিমনগর ও চালুয়াহাটি ইউনিয়নে এ বছর রোপা আমন মৌসুমের শুরুতেই বৃষ্টিপাত না হওয়ায় খরা বিরাজ করছিলো। ফলে সেচ দিতে অতিরিক্ত খরচ হয়। এছাড়া অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি । তাই উৎপাদন খরচ বেশি পড়ে। কিন্তু ধানে দাম সে তুলনায় কম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বৃহত্তর এ উপজেলায় ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এরমধ্যে বিনা-১৭ ও ব্রি ধান ৫১ জাতের ধান বেশি চাষ হয়েছে। এছাড়াও ব্রি ধান-৮৭-৪৯ ও গুটি স্বর্ণ জাতের ধানের চাষও হয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১ লাখ ১৫ হাজার ৬৬৮ মেট্রিক টন। তবে মাজরা, দড়া ও বাদামি গাছফড়িংয়ের (কারেন্ট পোকা) আক্রমণে উৎপাদন লক্ষ্যমাত্রা এবার পূরণ হচ্ছেনা।এছাড়া বর্তমানে নতুন পাকা ও কাটা ধানে ক্ষতিকারক দড়া পোকায় ধান গাছ কেটে দিচ্ছে।
এ ব্যাপারে ঝাঁপা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ভগিরাত চন্দ্র জানান, অনাবৃষ্টি আর নানা রোগ-বালাইয়ের কারণে এবার রোপা আমন ধানের ফলন কিছুটা কম হয়েছে।