রাজগঞ্জে তীব্র শীতে রবিশস্য ও বোরো ধানের ক্ষতি

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর)॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মারাত্মক ক্ষতি হয়েছে রোপণ করা বোরো ধানসহ রবি ফসলের। এছাড়া আলু, পেঁয়াজ, রসুন, গম,মরিচ, মসুরি, সরিষা ও ভুট্টার কোল্ড ইনজুরি ও পোকার আক্রমণে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
এ উপজেলায় সাধারণত গম,ভুট্টা পেঁয়াজ,রসুন, শাকসবজি ও ধনিয়াসহ শীতকালীন বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়ে থাকে। এছাড়া রসুন, পেঁয়াজ, ফুলকপি,বাঁধাকপি, সরিষা, মসুরিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে রসুনের গাছ হলুদ বর্ণের হয়ে আগা শুকিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এর নামকরণ করা হয়েছে পার্পল ব্লচ রোগ। মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ উপজেলার ২৪৯টি গ্রামে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৩০০ হেক্টর জমিতে। ২৮জানুয়ারি পর্যন্ত ক্ষেতে বোরো ধান লাগানো হয়েছে ১৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড জাতের ধান রয়েছে ৫ হাজার ৫২৫ হেক্টর ও উফশী জাতের ধান রয়েছে ১২ হাজার ৩২০ হেক্টর জমিতে। বিভিন্ন অঞ্চলে এখনও বোরো ধান রোপণের কাজ অব্যাহত রয়েছে। এছাড়া এ মৌসুমে সরিষা ৩ হাজার ৪৫০ হেক্টর, গম ২৫০ হেক্টর,আলু ১২৫ হেক্টর, ভুট্টা ১৮৫ হেক্টর, মসুরি ৩৮০ হেক্টর, সবজি ১ হাজার ৮৬০ হেক্টর, মরিচ ৬৬ হেক্টর, পেঁয়াজ ৩৭৮ হেক্টর ও রসুন ১২৭ হেক্টর জমিতে চাষ হয়েছে।
সরজমিনে দেখা যায়, ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কিছু কিছু এলাকায় বোরো ধানের বীজতলা ও রোপনকৃত চারা হলুদ ও লালচে রং ধারণ করেছে। ফলে ক্ষেতে চারা রোপণের আগেই শীত এবং কুয়াশা মারাত্মক হুমকি হয়ে পড়েছে বলে বলছেন কৃষকেরা। এ উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাবেক ইউ.পি সদস্য আবুল হোসেন জানান, তার ৭৭শতক জমিতে তিনি বিনা ২৫ ধান রোপণ করেছিলেন। কিন্তু ১সপ্তাহ পরে ধান গাছগুলো মরে গেছে। বর্তমানে তিনি এখন দুশ্চিন্তায় ভুগছেন।
এদিকে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত নানা রোগ। বোরো ও বরিশস্যের ক্ষেতে বালাইনাশক ওষুধ স্প্রে করেও কোন কাজ হচ্ছে না। কোল্ড ইনজুরিতে রীতিমত আলুর ক্ষেত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে পেঁয়াজ ও রসুন বপণের পর শুরু হওয়া তীব্র শীতে গাছের পাতাগুলো হলুদ বর্ণের পাতা শুকিয়ে গেছে বলে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের জাহাঙ্গীর, রায়হান ঢালী ও মিজানুর রহমান নামের চাষিরা জানিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমান জানান, কিছুদিন ঘন কুয়াশা ও শীত বেড়ে যাওয়ায় রোপণকৃত চারার গ্রোথ ভালো হয়নি। তবে শীত কম হলেই সবই ঠিক হয়ে যাবে এতে চিন্তা বা ক্ষতির কোন কারণ নেই। আর শীতের প্রকোপ থেকে আলু পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন ধরনের রবিশস্যে রক্ষায় কৃষকদের পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।