রাজগঞ্জেও ব্লাস্ট রোগ

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের রড মিনিকেট জাতের ধান ক্ষেতে ব্যাপকভাবে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। বিশেষ করে এ রোগ বেশি দেখা দিয়েছে হানুয়ার গ্রামের মাঠগুলোতে। প্রায় কয়েক বিঘা জমিতে ছড়িয়ে পড়েছে এই ছত্রাকজনিত রোগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে বৃহত্তর মণিরামপুর উপজেলায় ২৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সামন্য কিছু জায়গা ছাড়া সকল এলাকাতেই বোরোর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার কৃষকেরা বোরোর বাম্পার ফলন ঘরে তুলতে পারবে।
হানুয়ার গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, ৪৮ শতকের একবিঘা জমিতে চলতি মৌসুমে রড মিনিকেট জাতের ধান চাষ করেছেন। কিন্তুু হঠাৎ করে তার ক্ষেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ধানের শীষগুলো সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। শীষের গোড়া থেকে এ রোগ দেখা দিয়েছে। ফলে আস্তে আস্তে পুরো শীষ শুকিয়ে শীষের ধানগুলো চিটা হয়ে যাচ্ছে। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষেতে বালাইনাশক দেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তুু এতেও কোন কাজ হয়নি বলে জানান ক্ষতিগ্রস্ত এ কৃষক।
তার অভিযোগ স্থানীয় সাগর নামের এক ব্যবসায়ীর নিকট থেকে এ জাতের ধানের বীজ সংগ্রহ করে ক্ষেতে চাষ করা হয়। কিন্তু সুপার রড মিনিকেট না দিয়ে ওই ব্যবসায়ী তাকে ভেজাল রড মিনিকেট জাতের ধান দিয়েছেন। বীজের গুণগত মান ভালো না হওয়ায় ক্ষেতে এ রোগ দেখা দিয়েছে। বিষয়টি ওই ব্যবসায়ীকে জানানো হলে তিনি ব্লাস্ট রোগ প্রতিরোধের জন্যে কীটনাশক দেন। কিন্তুু ওই কীটনাশক ক্ষেতে ছিটানোর পরও কোন উপকার হয়নি বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ।