রক্তাক্ত বাথটাব ও হাতে কুড়াল: সিয়ামের ‘রাক্ষস’ লুকে কাঁপছে সামাজিক যোগাযোগমাধ্যম

0
শিউরে ওঠা ফার্স্ট লুক: রক্তে ভরা বাথটাব আর সিয়ামের হাতে চাইনিজ কুড়াল।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ এবার ফিরছেন একদমই ভিন্ন এবং ভয়ংকর এক রূপে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমির নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশ হতেই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রথম ঝলক উন্মোচন করা হয়।

প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, ধবধবে সাদা মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ। মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। তার পাশেই সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ। এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল নিয়ে মৃত বাঘের দিকে গুলি ছুঁড়ছেন তিনি। চোখেমুখে বিষাদগ্রস্ত ভাব থাকলেও দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল সিনেমার গল্পে প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল ইঙ্গিত করছে।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস কঠোর তপস্যা করতে হয়েছে। তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা হিংস্র বা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।” সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নির্মাতা হৃদয়ের মতে, ‘বরবাদ’-এর সাফল্যের পর ‘রাক্ষস’ হতে যাচ্ছে আরও বড় মাপের অ্যাকশন থ্রিলার।