যুবদল নেতা ধনি হত্যা মামলা আসামি রায়হান ও মন্টু সন্ত্রাসী শুভ বাহিনীর ক্যাডার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যা মামলার অন্যতম আসামি রায়হান ও মন্টু শহরের বেজপাড়া (রেল রোড) ফুড গোডাউন এলাকার কুখ্যাত সন্ত্রাসী শুভ বাহিনীর অন্যতম ক্যাডার। নানা অপরাধমূলক কর্মকা-ের জন্য এই দুই সন্ত্রাসী বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হয়েছিলো। কুখ্যাত সন্ত্রাসী শুভ ও তার সহযোগীরা নিজেদেরকে একটি আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স হিসেবে পরিচয় দিয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে।
একাধিক সূত্র জানায়, বেজপাড়া ফুড গোডাউনের দক্ষিণ পাশের রবিউল ইসলাম রবির ছেলে সন্ত্রাসী বাহিনী প্রধান রাব্বী ইসলাম ওরফে শুভ হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি। চাঁদাবাজি, মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী চক্রটি। গত ১২ জুলাই প্রকাশ্য দিবালোকে জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী শুভ বাহিনীর ক্যাডার রায়হান ও মন্টু। রায়হান বেজপাড়া ফুড গোডাউন এলাকার ফরিদ মুন্সীর ছেলে ও মন্টু মিরাজ বিশ্বাসের ছেলে। অবশ্য রায়হান হত্যাকা-ের ঘটনায় কয়েকটি ধারালো অস্ত্রসহ আটক হলেও হত্যা মিশনে অংশ নেয়া মন্টুকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। সূত্র জানায়, সন্ত্রাসী মন্টুকে সর্বশেষ গত জুনের প্রথম দিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছিলো কোতয়ালি থানার পুলিশ। একই সাথে বাহিনী প্রধান সন্ত্রাসী শুভকে ১টি ওয়ান শুট্যারগান ও ১ রাউন্ড গুলি এবং সবজি নামে আরেক সহযোগীকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছিলো। এর আগে ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে এরশাদ আলী একজন বৃদ্ধকে চাঁদার দাবিতে আটকে রাখা এবং একজন কলগার্লের সাথে জোরপূর্বক আপত্তিকর ছবি তোলার অপরাধে কোতয়ালি থানা পুলিশের হাতে আটক হয়েছিলো সন্ত্রাসী রায়হান। বাহিনী প্রধান শুভ এবং আরও দুই সহযোগী সবুজ ও হিমেলকেও আটক করেছিলো পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি চাকু ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিলো।
স্থানীয়রা জানান, শুভ ও তার সহযোগীরা যশোরে আওয়ামীলীগের একটি গ্রুপের আশ্রিত সন্ত্রাসী।