যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবারের উৎসবে গুলিতে নিহত ২, শিশুসহ আহত ৫

0
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে এক রক্তক্ষয়ী গুলির ঘটনা ঘটেছে।
এতে অন্তত দুজন নিহত এবং দুই বছরের এক শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে বলে সিঅ্যাটল পুলিশের বরাতে বিবিসি ও এএফপি জানিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী উপস্থিত ছিলেন এবং তাঁরা এই গুলির ঘটনা ঘটিয়েছেন। সিয়াটল ফায়ার সার্ভিস ও অগ্নিনির্বাপক বিভাগ জানায়, গুলিবিদ্ধ দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এছাড়া আহতদের মধ্যে ৫৬ বছর বয়সী এক নারীর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে যেতে চাননি। তবে আহতদের আঘাতের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করেনি ফায়ার সার্ভিস বিভাগ।

ঘটনার স্থান ‘সিয়াটল সেন্টার’-এ উইকএন্ড বা সপ্তাহান্তে ‘বাইট অফ সিয়াটল’ নামে একটি ঐতিহ্যবাহী খাবারের উৎসব চলছিল। যেখানে শত শত খাবার বিক্রেতা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ছিল। সেই উৎসবের মাঝেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ নিশ্চিত করেছে যে সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। তবে হামলাকারীদের গ্রেফতার বা আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশের আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।