যাকাত কোনো দয়া নয়, সামর্থ্যবানদের ফরজ দায়িত্ব : অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সরকারি যাকাত বোর্ড থেকে নিবন্ধিত প্রার্থীদের মাঝে যাকাতের অর্থ এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সহায়তার স্বীকৃতিস্বরূপ রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

যশোর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে ২০৯ জন নির্বাচিত প্রার্থীর মাঝে ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকা যাকাতের অর্থ এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৯ জন সদস্যকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া রেড ক্রিসেন্টের ৪০ জন এবং বাংলাদেশ স্কাউটসের ৪০ জন সদস্যকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়নের মাধ্যমে সমাজের অসমতা দূর করা সম্ভব। এর ফলে দরিদ্র ও অসচ্ছল মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটে।

তিনি আরও বলেন, যাকাত দেওয়া কোনো দয়া বা মহৎ সাজার বিষয় নয়। এটি সামর্থ্যবান মুসলমানদের ওপর একটি আবশ্যকীয় বা ফরজ দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে কঠিন শাস্তির বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।