পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদ সম্প্রসারণের তাগিদ: ভেষজ উন্নয়ন ফাউন্ডেশনের চারা বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ প্রাকৃতিক উপায়ে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ঔষধি ও ফলদ গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন। সোমবার শামসুন্নাহার মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচীতে বক্তারা ভেষজ উদ্ভিদের গুরুত্ব তুলে ধরে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ঔষধি চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভেষজ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মুফতি ফিরোজ শাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে ঔষধি গাছ আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষায় অপরিসীম ভূমিকা রাখে। বিশেষ করে আমলকীর মতো ভেষজ ফল একদিকে যেমন ভিটামিন সি-এর অভাব পূরণ করে, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করতে ফলদ ও ভেষজ গাছের সমাহার বাড়াতে হবে।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাকিম মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ।

এসময় বক্তারা বলেন দেশ ও জাতির কল্যাণে পরিবেশগত ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব।