যশোর ২৫০ শয্যা হাসপাতাল ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত ড্রেন, পরিত্যক্ত ভবনে হয় অসামাজিক কাজ

0

বিএম আসাদ ॥ ময়লা ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে যশোর ২৫০ শয্যা হাসপাতালের সংক্রামক ওয়ার্ড এবং জরুরি বিভাগের সামনের ড্রেন। এসব এলাকা থেক অসহনীয় দুর্গন্ধ বের হচ্ছে এবং বাতাসে মিশে গোটা হাসপাতাল এলাকার পরিবেশ যে অবস্থা তাতে এসব এলাকায় দাঁড়িয়ে থাকলে মানুষ অসুস্থ হয়ে পড়বেন। কারণ জরুরি বিভাগের সামনে পরিত্যক্ত ভবন জুড়ে রয়েছে পয়ঃনিষ্কাশনের ড্রেন। এ ড্রেনের ভেতর থাকে রোগীদের মল, প্রস্রাব ও ময়লা পানি। যা সব সময় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ দুর্গন্ধ হাসপাতালে অসুস্থ মানুষের জন্যে চরম অস্বস্তি ও অস্বাস্থ্যকর হলেও ড্রেনটি ঢেকে দেয়ার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। হাসপাতালের ওভারব্রিজের নিচে, জরুরি বিভাগের সামনে থাকা মানুষকে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়। এখানেই শেষ নয়। কর্মচারীদের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারগুলো বন জঙ্গলে ভরে গেছে। রাত হলেই এসব ভবনের ভেতর চলে নানা রকম অসামাজিক কাজ আর মাদক সেবন। মর্গ সংলগ্ন ভবন নিরিবিলি হওয়ায় অসামাজিক কাজে সুবিধাজনক হয়ে উঠেছে। ভবনগুলো ২০১৯ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবন ভেঙে ফেলার ব্যাপারে একাধিক সভা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
সূত্র জানিয়েছে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে নির্মল পরিবেশ ফিরিয়ে আনতে হলে পরিত্যক্ত ভবন দ্রুত অপসারণ করতে হবে। এ ব্যাপারে হাসপাতালের একাধিক কর্মকর্তা বলেন, এ ভবন ভাঙার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
মন্ত্রণালয় হতে নির্দেশ আসলেই কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশিদ জানিয়েছেন।